চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২০:৩০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২০:৫০ পিএম
মঙ্গলবার মহানগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে পথসভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশকে যারা অস্থির করে আরেকটি এক/এগারোর স্বপ্ন রচনা করতে চায়, জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই।
ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আ জ ম নাছির বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন কথিত নোবেলজয়ী সুদখোর ড. ইউনূস।’
মঙ্গলবার (১১ এপ্রিল) মহানগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, ‘আমরা জানি, সাধারণ মানুষ কী চায়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘবে আওয়ামী লীগ সচেষ্ট। অথচ জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা নির্বাচনেও আছি, রাজপথেও আছি। তাই কোনো রকম অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই অরাজকতা চলবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।’
পথসভায় নোমান আল মাহমুদ বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। আমি আপনাদের সেবা করার সুযোগ পেলে আপনাদের চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করব। বর্তমান সংসদের মেয়াদের শেষ পর্যায়ে আপনাদের সেবা করার সুযোগকে কাজে লাগিয়ে সবার হৃদয়ে চিরস্থায়ী ঠাঁই পেতে চাই।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসীম উদ্দীন, খালেদ হোসেন খান মাসুক প্রমুখ।