× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ০০:০৫ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১০:৫২ এএম

আওয়ামী লীগ সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

লালবাগের হৃদয় কমিউনিটি সেন্টারে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়। এতে লালবাগ থানার নেতাকর্মী-সমর্থকরা অংশ নেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, তাঁতী দলের আবুল কালাম আজাদসহ ওয়ার্ড কমিটির নেতারা বক্তব্য দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বঙ্গবাজার পুড়ে গেছে। এ বাজার বড়লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তের বাজার। দুর্ভাগ্য আমাদের এর আগে সিদ্দিকবাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল... এর আগে চট্টগ্রামে হয়েছে। কিন্তু এ সরকারের এসব ব্যাপারে কোনো মাথাব্যথা নেই।’

তিনি বলেন, ‘উদোর পিণ্ডি বুধোড় ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে নাশকতার গন্ধ পায়। আওয়ামী লীগের অবস্থা হয়েছে তারা সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এই বলে বিএনপি এলো, এই বলে আন্দোলন করল, এই বলে তারেক রহমান এলো। রাতের বেলা অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আঁতকে ওঠে না? চিৎকার করে না? আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে এই এই বিএনপি এলো!...’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ভোট দিতে পারছেন না আপনারা... ভোট আগের রাতে হয়ে গেছে আর ওরা (আওয়ামী লীগ) সরকারে বসে গেছে।’

তিনি বলেন, ২০১৪ সালে ভোটই হয়নি ১৫৩টি আসনে নির্বাচিত ঘোষণা হয়ে গেল! আর কথায় কথায় তারা খালি বলে উন্নয়নও করেছে। আমি এখানে আসার পথে দেখলাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা, ‘উন্নয়ন কি চুবাইয়ে খাব?’ উন্নয়ন তো চিবিয়ে খাওয়া যায় না। আমার পেটে যদি ভাত না থাকে, ১০টা উড়াল সেতু বানান আমার তাতে কী আসে যায়...।

পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে সরকার চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, আমার কথা খুব সোজা। ১৪ বছর বহু জ্বালাইছেন এ দেশের মানুষকে। এখন আপনাকে মানুষ দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না।

তিনি ক্ষমতাসীনদের সরে পড়ার আহ্বান জানিয়ে বলেন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। মানুষ একটা ভোট দিক, ভোট দিয়ে মানুষ যাকে খুশি তাকে নির্বাচন করুক।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সঙ্গে বলেছেন যে, ইভিএম-ব্যালট কোনোটাই কাজে দেবে না যদি বিরোধী দল অংশ না নেয়। অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না। কেউ মানবে না। সুতরাং একটাই দাবি, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

লালবাগের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, এ সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, জেলখানার মধ্যে হত্যা করেছে, কাস্টডিতে হত্যা করেছে। এরকম কাস্টডিতে বহু লোককে হত্যা করেছে। গুম করে নিয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, এই জুলুমবাজ, নির্যাতনকারী সরকারকে কেউ দেখতে চায় না। আসুন ইফতারের আগে আমরা আল্লাহতায়ালার কাছে এই দোয়া করি, যেন তিনি আমাদের সেই শক্তি দেন, তৌফিক দেন যেন আমরা সংগ্রামের মধ্য দিয়ে এই অতি দানবকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা