× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের পাশে না থেকে ফাইভ স্টারে ইফতার করছে বিএনপি : নাছিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:৫৫ পিএম

বুধবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

বুধবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

বিদেশি কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার পার্টির সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেছেন, ‘আজকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উপহার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে বিএনপি-জামায়াত, যারা গণতন্ত্রের শত্রু, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, সেই দল মানুষের পাশে না দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে ইফতারের আয়োজন করে। তারা দেশিবিদেশি বন্ধুদের নিয়ে ফাইভ স্টার হোটেলে ইফতারের নামে জৌলুস করে। বিএনপি-জামায়াত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি করতে চায়।’

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, ‘বিএনপির লক্ষ্য হলো, অতীতে যেভাবে তাদের জন্ম হয়েছে, একইভাবে দুঃশাসন, অপশাসন ও লুণ্ঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। বিএনপি-জামায়াতিরা হলো বাংলাদেশে সন্ত্রাসী ও অগণতান্ত্রিক শক্তির উত্তরাধিকার। সন্ত্রাসী কায়দায় এরা দেশকে দখল করতে চায়। এরা দেশের মানুষের অধিকার নষ্ট করতে চায়। দেশের মানুষ আত্মনির্ভরশীল হোক, এটি তারা কখনোই চায় না। এর জন্যই তারা দেশে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এনেছে। এরা চায় দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হোক। সংবিধানকে রক্ষা করা যে একটি দায়িত্ব, তা তারা কখনোই করে না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, তোমরা মানুষের পাশে যাও। আর বিএনপি-জামায়াতিরা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে। তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে। আন্দোলনের ইতিহাস হলো জনগণকে পাশে নিয়ে আন্দোলন করতে হয়। বিএনপি-জামায়াত আন্দোলন করে সন্ত্রাসীদের নিয়ে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসী ও জঙ্গিদের নিয়ে মানুষের ওপর আক্রমণ করে। বিএনপির শত্রু হলো দেশের জনগণ। জনগণকে জিম্মি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’

নাছিম বলেন, ‘আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে। আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকি। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়াই। এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। জাতির পিতা আমাদের এটাই শিখিয়েছেন। তার আদর্শের পথে আমরা চলি। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করেছেন, আমরা তার কন্যার নেতৃত্বে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে লক্ষ্য বাস্তবায়নের জন্য আপসহীনভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষ রয়েছে। দেশের  মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো অশুভ শক্তিকে মোকাবিলা ও প্রতিহত করব। শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের ষড়যন্ত্র মোকাবিলা করব।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করব। এটাই হলো আমাদের প্রত্যয় ও প্রতিজ্ঞা।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা