× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যতই দৌড়ঝাঁপ করুন, ক্ষমতায় থাকতে পারবেন না : রিজভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪ পিএম

রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : প্রবা

রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : প্রবা

যতই দৌড়ঝাঁপ করুন, শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভারতের সঙ্গে দেন-দরবার করে আর লাভ নেই।

রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার (১০ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আজ আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। কথা বললেই আমাদের গুলি খেতে হচ্ছে। কাটছাঁট করার পর আমাদের অধিকার যেটুকু সংরক্ষিত আছে, সেটুকুও নির্দয়-নিষ্ঠুরতার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা দমন করছে।’

এক ভয়ংকর সন্ত্রাসী রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা হয়েছে অভিযোগ করে তিন বলেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে জনগণের ম্যান্ডেট নেই, তারা নির্বাচিত হয়নি। এ কারণে তারা কোনো না কোনোভাবে কারও না কারও দিক থেকে টিকে থাকা এবং আশ্রয় পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন। এই ছুটে বেড়াতে গিয়ে তারা গণতন্ত্র, দেশের নির্বাচন, দেশের স্বচ্ছ ভোটব্যবস্থা--সব কিছু ধ্বংস করে দিয়েছে। এ কারণেই মানুষের সব অধিকার তারা কেড়ে নিয়েছে।’

এ সময় তার সঙ্গে থাকা সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ কমিটির অন্য নেতাদের দেখিয়ে তিনি বলেন, ‘এই নেতারা আবার গাজীপুরে ফেরত যেতে পারবেন নাকি পথে গ্রেপ্তার হবেন--এরও কোনো নিশ্চয়তা নেই। একটি গণতান্ত্রিক সমাজে মানুষ নির্ভয়ে হেঁটে বেড়াবে, চলাচল করবে, ঘুরে বেড়াবে, কথা বলবে। কিন্তু রাষ্ট্র এতটা নির্দয় ও নিষ্ঠুর যে এখানে সেই সুযোগ নেই।’

তিনি মনে করেন, তারপরও মানুষ জেগে উঠেছে। বিএনপি যে কর্মসূচি দিয়েছে, সেখানে ক্ষমতাসীনদের হাজার বাধার পরও মানুষের ঢল নামছে।

রিজভী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী তার মনের কথা বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে যে বিষয়গুলো অমীমাংসিত তা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিস্তাসহ অভিন্ন নদীর পানি আমাদের ন্যায্য দাবি, সীমান্ত হত্যা বন্ধে কথা বলেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে নয়, নিজের স্বার্থে কথা বলেন। এটাই তার বৈশিষ্ট্য।

ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের মধ্যে কী কথা হয়েছে, তা আমরা জানি না। দেশের মানুষ বিশ্বাস করে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি চেয়েছেন। শেখ হাসিনা এর আগে নিজেই বলেছেন, ভারতকে আমি এত দিয়েছি, যে তারা ভুলতে পারবে না। এবার কী দিলেন সেটাই মানুষের জিজ্ঞাসা।’ 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, গাজীপুর জেলা বিএনপির ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, কাজী খান, আজিজুর রহমান, রাশেদুল হকসহ নবগঠিত কমিটির নেতারা।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা