প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২০:১৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২০:৩৮ পিএম
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। সংগৃহীত ফটো
বিএনপি-জামায়াতকে স্বাধীনতাবিরোধী শক্তি উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নতুন প্রজন্ম যখন ইতিহাস জানবে তখন তাদের মাধ্যমে সারা দেশের মানুষ জেগে উঠবে, বিএনপি-জামায়াতকে ঘৃণা করবে। এর মধ্য দিয়ে তাদের (বিএনপি-জামায়াত) রাজনীতির কবর রচিত হবে।
শনিবার (২৫ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগের উদ্যোগে ‘২৫ মার্চের কালরাত্রি স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, বঙ্গবন্ধুর ডাকে যেমন সাড়ে সাত কোটি লোক ঐক্যবদ্ধ ছিল, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ১৮ কোটি লোক ঐক্যবদ্ধ হয়ে ওই চেতনা নিয়ে এগিয়ে যাবে।
শেখ হাসিনাকে বারবার প্রাণনাশের চেষ্টার কারণ তুলে ধরে আমু বলেন, শেখ হাসিনাতো কারো পৈতৃক সম্পত্তি নিয়ে টান দেননি। রাজনৈতিক কারণেই তাকে বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। একাত্তরের পরাজিত শক্তি যারা শেখ হাসিনা বিদেশে থাকার কারণে পঁচাত্তরে হত্যা করতে পারেনি, তারা আজকে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তার প্রতি আক্রমণ করছে।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যড়যন্ত্র ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে নয় বরং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যড়যন্ত্র। এ যড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যড়যন্ত্র। মুক্তিযুদ্ধের কথা যদি এ প্রজন্ম জানতে পারতো, এ দেশের মাটিতে ওরা সরকার গঠন করতে পারতো না।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা, উত্তরের সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারন সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ বক্তব্যে দেন।