× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই নেতাকে অব্যাহতি দিয়ে সমালোচনার মুখে এমপি এনামুল

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ২১:৫৬ পিএম

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর এবং পৌর মেয়র ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর এবং পৌর মেয়র ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয় ১৮ মার্চ। রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের নেতৃত্বে হঠাৎ করেই কোনো কারণ দর্শানো ছাড়াই ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপজেলা আওয়ামী লীগে। এই অবস্থায় নতুন করে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

অব্যাহতি দেওয়া দুই নেতা হলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর এবং পৌর মেয়র ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 

এদিকে এমপির এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছে খোদ জেলা আওয়ামী লীগ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নেতারা।

আর তৃণমূল আওয়ামী লীগের দাবি, রাজশাহীর ৪ আসনের এমপি এনামুলের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক বিরাজ করছে তৃণমূল আওয়ামী লীগের। কয়েক বছর ধরেই এমপির বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি ও একাধিপত্যের অভিযোগ করে আসছেন তারা। 

১৮ মার্চ উপজেলা কমিটির সঙ্গে সভা করে এমন সিদ্ধান্ত নেন স্থানীয় এমপি। এরপর ওই পদ দুটিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাউসার আলী ও যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবকে। তবে দলের বিভক্তি এড়াতে এমন দায়িত্ব তারা নিতে রাজি হননি।

সহসভাপতি কাউসার আলী বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুসারে সবার সম্মতিতে আমাকে দায়িত্ব দেওয়া হলে আমি দায়িত্ব পালন করব। তবে দায়িত্ব নিয়ে সমালোচিত হওয়ার ইচ্ছা নেই।’

যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব বলেন, ‘আমি ওই পদের জন্য উপযোগী নই। দলের মধ্যে বিভক্তি হয় এমন কিছু থেকে দূরে থাকাই শ্রেয়। তা ছাড়া আমি সন্তানদের লেখাপড়ার কারণে এলাকায় থাকতে পারি না।’ 

তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী নির্বাচনে আমি এমপি প্রার্থী হতে চাই। এটাকে বর্তমান এমপি এনামুল হক স্বাভাবিকভাবে নিতে পারেননি। এমপির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তৃণমূল আওয়ামী লীগের কেউ আর তার সঙ্গে নেই।’ 

এমপি এনামুল হক বলেন, ‘আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। দলে থেকেও কেউ কেউ দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকছেন না। তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু বলেন, ‘এমপি ব্যক্তিগত স্বার্থে গঠনতন্ত্রের বাইরে গিয়ে দুই নেতাকে অব্যাহতি দিয়েছেন।’ 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘দুজন কর্মীর মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হলে দল ক্ষতিগ্রস্ত হয়। সবাইকে সহনশীল হতে হবে। সংগঠনে অগণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। এসব বিষয় কেন্দ্রে জানানো হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা