বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৩ ২১:৪৪ পিএম
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে আনা সম্ভব নয় বলে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম। আমরা আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাগেইন (তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ আর ফেরত যাবে না)।’
এ সময় বিএনপি নেতাদের প্রতি তত্ত্বাবধায়ক সরকারের ‘ভূত’ মাথা থেকে নামিয়ে ফেলারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বড় বড় কথা ছাড়ুন। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না।’
সভায় ছাত্রলীগের আলোচিত কর্মকাণ্ড নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বর্তমান আংশিক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের নামে যারা অপকর্ম করে, তারা সংগঠনের ‘বিষফোড়া’। সার্জারি করে ছাত্রলীগ থেকে এই বিষফোড়া বের করে দিতে হবে। যাদের সন্ত্রাসী মানসিকতা, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও মাদকের মানসিকতা, তাদের পরিহার করতে হবে।’
আক্ষেপ করে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগে মাঝে মাঝে এমন কিছু ঘটে, সাবেক ছাত্রলীগ হিসেবে আমাদের লজ্জা লাগে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পূর্ণাঙ্গ কমিটিতে অপকর্মে জড়িত ছেলেমেয়েদের আমাদের কোনো প্রয়োজন নেই। কোথাও কোথাও অনেক লাগাম ছাড়া হয়ে গেছে। এদের লাগাম টেনে ধরতে হবে। সততা ও মেধার শক্তি বঙ্গবন্ধুর শিক্ষা, শেখ হাসিনার শিক্ষা। সততা ও মেধার সংমিশ্রণে স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্ট কর্মী গড়ে তুলতে চাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের নামে যারা অপকর্ম করে, তাদের বহিষ্কার করা হয়। কয়েক দিন পর আবার বহিষ্কার আদেশ উঠিয়ে নেওয়া হয়। এদের শাস্তি স্থায়ীভাবে দিতে হবে, সাময়িক নয়। শুধু সাংগঠনিক অ্যাকশন নয়, প্রশাসনিক অ্যাকশনও ওদের বিরুদ্ধে নিতে হবে, জেলে পাঠাতে হবে। সংগঠনে ভালো ছেলেমেয়েরা থাকলে সাধারণ শিক্ষার্থীরা অ্যাট্রাক্ট হবে।’
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সদস্য তারানা হালিমও বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।