নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২২:৩৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২৩:০৯ পিএম
মহিষাশুরা ইউনিয়নে মুফতি কাওছার আহমাদ ভূইয়া ও নূরালাপুর ইউনিয়নে আরিফ হোসেন চেয়ারম্যান নির্বাচিত। প্রবা ফটো
নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পরাজিত হয়েছেন। মহিষাশুরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূইয়া হাতপাখা এবং নূরালাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকে আরিফ হোসেন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার জাকির মাহমুদ ফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘মহিষাশুরা ইউনিয়নে ৬৯ শতাংশ ও নূরালাপুরে ৬৭ দশমিক ৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
রিটার্নিং অফিসার বলেন, ‘মহিষাশুরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূইয়া হাতপাখা প্রতীকে ৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর আনারস প্রতীকে পেয়েছে ৪ হাজার ৪৩৯ ভোট। এনামুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে পেয়েছে ৪ হাজার ১৫৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. রতন মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৪ ভোট। মো. জয়নাল আবেদীন চশমা প্রতীকে পেয়েছেন ১২৫ ভোট। এই ইউনিয়নে মোট ২৭ হাজার ৯০১ ভোটের মধ্যে ১৯ হাজার ৩০৮ ভোট কাষ্ট করা হয়।
অপরদিকে নূরালাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকে ৭ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছে ৬ হাজার ৮৪৮ ভোট। আওয়ামী লীগের মো. জাকারিয়া নৌকা প্রতীকে পেয়েছে ৪ হাজার ৬৯১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. বিল্লাল হাতপাখা প্রতীকে পেয়েছে ১ হাজার ১৫৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী নাসির ভুইয়া চশমা প্রতীকে পেয়েছে ৫৬১ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. বিল্লাল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছে ৪৫৮ ভোট। এই ইউনিয়নে মোট ৩১ হাজার ২৬৪ ভোটারের মধ্যে ২১ হাজার ২৫৯ ভোট কষ্ট হয়েছে।