প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:১৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৮:৫৯ পিএম
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব। ফাইল ফটো
জাতীয় সরকার গঠনের দাবি, সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১ মে থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল বা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর পল্টন মোড়ে জাতীয় সরকারের দাবিতে এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেএসডি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি আ স ম আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন ছিলেন শহিদউদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি তানিয়া রব প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি মো. নাসিম। সঞ্চালনা করেন কামাল উদ্দিন মজুমদার সাজু।
আ স ম আবদুর রব বলেন, ‘দেশে আজ দুর্ভিক্ষ চলছে। ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে গেছে। পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম চট্টগ্রামে ১১০ টাকার মুরগি ৩৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ২৫০ গ্রাম করে মাংস বিক্রি করছে। কিন্তু মানুষ সেটাও কিনতে পারছে না। মানুষ খাবারের অভাবে তার নবজাতক শিশুকে বিক্রি করে দিচ্ছে। তাহলে এটা কি দুর্ভিক্ষ না?’
তিনি বলেন, ‘জাতিসংঘের অঙ্গসংগঠন এফএও বলেছে বাংলাদেশে ৬ থেকে ৭ কোটি লোক খাদ্য ঘাটতিতে আছে। এ ছাড়া ৩-৫ কোটি শিক্ষিত বেকার। কই এগুলো নিয়ে তো সরকার চ্যালেঞ্জ করল না। সিন্ডিকেট করে আপনারা মানুষের পকেটের টাকা তুলে নিচ্ছেন। এভাবে একটি স্বাধীন দেশে অনির্বাচিত সরকার থাকতে পারে না।’
বুধবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় রব বলেন, ‘সুপ্রিম কোর্টে সরকার বেআইনিভাবে পুলিশ দিয়ে নির্বাচন তাদের পক্ষে নিতে কাজ করেছে। আদালতে বেআইনিভাবে ব্যালট বক্স ছিনিয়ে নিয়েছে পুলিশ। কারণ তাদের প্রার্থীকে জয়ী করার জন্য তারা পুলিশকে ব্যবহার করেছে। এই সরকার ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আবারও ক্ষমতায় আসতে চায়।’
তিনি আরও বলেন, ‘সরকার কেন গ্যাস উত্তোলন করে না? কেন সরকার বিদ্যুৎ উৎপাদন না করে আমদানি করছে? তার মানে সরকারের উদ্দেশ্য ভালো না। তাই দেশকে যদি এই সংকট থেকে বাঁচাতে হয়, তাহলে আমাদের জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। এ লড়াই সংবিধান রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াই, গরিব মানুষের বাঁচার লড়াই।’
আবদুর রব বলেন, ‘আমরা আগামী ১ মে থেকে সারা দেশ ঘুরব। সেদিন থেকে সরকার পতনের আন্দোলন করব। আমি সরকারকে মনে করিয়ে দিতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিন। না হলে এ দেশের জনগণ ১ মে পর্যন্ত আপনাকে সময় নাও দিতে পারে।’
সমাবেশ শেষে পল্টন থেকে মতিঝিল পর্যন্ত মিছিল করেছে দলটি। এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।