প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম
সংঘর্ষের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। প্রবা ফটো
সরকার পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ মার্চ) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
পঞ্চগড়ে বিনা উসকানিতে গুলি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশের মানুষের কোন নিরাপত্তা নেই, নেই জানমালের নিরাপত্তা। যেখানেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। সাধারণ মানুষের উপরও গুলি চালাতে কুণ্ঠাবোধ করছে না আইনশৃঙ্খলা বাহিনী।
মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ে বিনা উসকানিতে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ফায়দা লুটে নেয়ার চেষ্টা করছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও নিরীহ মানুষের ওপর পুলিশ যেভাবে গুলি চালিয়েছে তা সরকারের নিষ্ঠুরতার আরেকটি বহিঃপ্রকাশ। পুলিশের নির্বিচার গুলি ও হামলায় শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’
এ সময় সরকারের মন্ত্রীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন।
জনগণ তাদের এমন বক্তব্য বিশ্বাস করে না বলে জানানো হয় বিবৃতিতে।
ফখরুল বলেন, ‘নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মানুষের ভোটের অধিকার পুণঃপ্রতিষ্ঠায় যে গণতান্ত্রিক আন্দোলন চলছে সেই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে অবৈধ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সরকার বুঝে গেছে-তাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাই নানা নাটক ঘটিয়ে জনগণের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার কুটকৌশল চালাচ্ছে।’
বিএনপি মহাসচিব স্বাধীনতাত্তোর আওয়ামী সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশে-বিদেশে ফায়দা লুটেছিল বলেও মন্তব্য করেন।
জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসিত মিথ্যাচার, পঞ্চগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার ওপর গুলি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা, গ্রেপ্তার, নিপীড়ন, নেত্রকোণায় সাবেক এমপির বাড়িতে পুলিশি হামলা, সাবেক এমপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে অশ্রাব্য মিথ্যাচারের ঘটনা একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন ফখরুল।
বিবৃতিতে এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।