প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৯:৪৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৯:৫১ পিএম
গণমুক্তি জোট নামে নির্বাচনমুখী নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। প্রবা ফটো
গণমুক্তি জোট নামে নির্বাচনমুখী নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় এ দলটি। শনিবার (১১ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়। দলটি নির্বাচনী প্রতীকের নাম ‘ছড়ি’। তাদের নিবন্ধন নম্বর ৪১।
গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের প্রধান উপদেষ্টা হিসেবে মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না এবং প্রধান মুখপাত্র সাবেক সচিব কাসেম মাসুদের নাম ঘোষণা করা হয়। সভা সঞ্চালনা করেন দলটির কো-চেয়ারম্যান প্রফেসর এ আর খান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান সৈয়দ হারুন-অর-রশীদ, প্রকাশক সম্পাদক আমিনা খাতুন ও মো. আল আমিন প্রমুখ।
নতুন দল গঠনের বিষয়ে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বর্তমানে সার্বিকভাবে ভালো নেই। অথচ সাম্য, সামাজিক ন্যায় ও মানবিক মর্যাদাই ছিল আমাদের মুক্তিযুদ্ধে অঙ্গীকার।
তারা আরও বলেন, সরকার ও বিরোধী দল শুধু দোষ-ত্রুটি নিয়ে পাল্টাপাল্টি করেছে। এ লক্ষ্য নিয়েই আমরা জনগণের সার্বিক মুক্তি নিশ্চিতের লক্ষ্যে দায়িত্বশীল রাজনীতি ও গণতন্ত্রচর্চার প্রতি অঙ্গীকারসহ আমরা ‘গণমুক্তি জোট’ গঠন করেছি।