পাল্টাপাল্টি কর্মসূচি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১০:০৪ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১১:১২ এএম
ফাইল ফটো
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে সমাবেশ-মিছিল ও পদযাত্রার পর আজ শনিবার (১১ মার্চ) জেলা ও মহানগর পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে এ কর্মসূচি পালিত হবে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানী ও কয়েকটি জেলায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে বিএনপির মিত্র জোট ও দলগুলো।
পূর্বঘোষণা অনুযায়ী দেশের সব জেলা-মহানগরে একযোগে এ কর্মসূচি পালনের কথা থাকলেও ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরে আজকের মানববন্ধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, অনিবার্য কারণে ওই তিন স্থানে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় অংশ নেবেন তিনি। মূলত প্রধানমন্ত্রীর সফরের কারণেই ময়মনসিংহে বিএনপির কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আবু ওয়াহাব আকন্দ প্রতিদিনের বাংলাদেশকে জানান, আওয়ামী লীগের বিভাগীয় জনসভার কারণে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক ‘রেওয়াজ’ অনুযায়ী বিএনপির কর্মসূচি ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজও শান্তি সমাবেশ করবেন। দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রতিদিনের বাংলাদেশকে জানান, কর্মসূচির নামে বিএনপি যেন কোনো নাশকতা ঘটাতে না পারে সেজন্য জেলা-মহানগরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন।
বিএনপির মানববন্ধন
গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা ও মহানগর পর্যায়ের মানববন্ধনগুলোতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন যোগ দেবেন ঢাকার কর্মসূচিতে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানীতে দুটি মানববন্ধন ডাকা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির মানববন্ধনটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত বিস্তৃত হবে।
গতকালের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থানার বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধন আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজ থেকে শুরু হয়ে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত বিস্তৃত হবে। বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালির সামনে প্রধান অতিথি হিসেবে এ মানববন্ধনে যোগ দেবেন খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণের আরও ২৫টি পয়েন্টে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
রাজধানীর দুটি মানববন্ধনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা।
বিএনপির মিত্ররাও মাঠে থাকছে
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অভিন্ন দাবিতে বিএনপির মিত্র জোটগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে হোটেল প্রীতমের সামনের সড়কে, ১২ দলীয় জোট সাড়ে ১১টায় বিজয়নগরের রাস্তায়, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনের সড়কে, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি তাদের মতিঝিলের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করবে বলে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ ছাড়া সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। এলডিপি এফডিসি এলাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং রাজধানীর আরও তিনটি স্থান ও সাতটি জেলায় মানববন্ধন করার কথা জানিয়েছে।
শান্তি সমাবেশ নিয়ে আওয়ামী লীগ
ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা নিয়ে ব্যস্ত থাকবেন ওই বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর বাইরে দেশের অন্য জেলা-মহানগরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানীতে আওয়ামী লীগের উদ্যোগে দুটি এবং যুবলীগের আয়োজনে একটি শান্তি সমাবেশ হবে।
রাজধানীর শান্তি সমাবেশ দুটি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, তারা আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে বিকাল ৩টায় বনানীতে। ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় কুমার সমাদ্দর বাপ্পি জানান, দলের কেন্দ্রীয় নেতারা এ সমাবেশে অংশ নেবেন।
এদিকে আজ বিকাল ৩টায় মিরপুর-১০ গোলচত্বরে যুবলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।