× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৈরাজ্য ঠেকাতে কঠোর আওয়ামী লীগ

দীপক দেব

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ০০:০০ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১৯ পিএম

নৈরাজ্য ঠেকাতে কঠোর আওয়ামী লীগ

সরকারবিরোধী আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে কঠোরভাবে তা দমন করবে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকরা এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিতে চান না। তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিএনপির নৈরাজ্য ঠেকাতে যা করা দরকার; ক্ষমতাসীন দল হিসেবে তা করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

এজন্য শোকের মাস আগস্ট শেষ হওয়ার আগেই মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। বিএনপির ফাঁদে পা না দিয়ে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় তারা। এ লক্ষ্যে তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও। 

আওয়ামী লীগ নেতারা জানান, বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। বিশেষ করে গত দুই নির্বাচনের মতো এবারও দলটি নির্বাচন বানচালের সব চেষ্টা এরই মধ্যে শুরু করেছে। এ কারণে আন্দোলনের নামে উসকানি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সবার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হবে না। সরকারিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করার তা তারা করবে, কিন্তু ক্ষমতাসীন দল হিসেবে সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগও মাঠে থাকবে।

দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবেই বলেছেন, আন্দোলনে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে, পুলিশ ও জনগণের ওপর হামলা করলে তা মেনে নেওয়া হবে না। সভাপতিমণ্ডলীর ওই সদস্য আরও বলেন, মূলত দেশে-বিদেশে মনোযোগ ও মিডিয়া কাভারেজ পাওয়ার জন্যই বিএনপি এসব করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। 

গত বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপির আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে একই অধিবেশনে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেন বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। এর জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নেতাদের কথায় মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে, সব করবে, তাদের কিছু বলা যাবে না। আমি তো আন্দোলন করার কথা বলেছি, মিছিল করেন, আন্দোলন করেন। শান্তিপূর্ণভাবে করলে কেউ কিছু বলবে না। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে, সেখানে তো কেউ কিছু বলছে না। কিন্তু এরা (বিএনপি) তো মাঠে নেমেই আগে কোথায় কাকে আক্রমণ করবে, কীভাবে একটা সিচুয়েশন তৈরি করবে। হ্যাঁ এটা করে, একটা কারণ আছে, কারণ হলো এমনি মিছিল করলে তো মিডিয়া কাভারেজ পাবে না। মিডিয়ায় কাভারেজ করার জন্যই তারা এমন ঘটনা ঘটাবে যেন তারা একটু ইয়ে পায়। 

জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিএনপি নামক দলটির কাজ হচ্ছে তারা যেভাবেই হোক, যে পন্থাতেই হোক তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়, এখানে নীতিনৈতিকতা বা ন্যায়-অন্যায়ের কোনো ধার ধারে না। তারা আন্দোলনের কথা বললেও, তারা তো আন্দোলন করে না, করে নৈরাজ্য। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা আছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার, আওয়ামী লীগ তা করবে। আওয়ামী লীগ মুখ বুজে বসে থাকার দল না। 

দলীয় সূত্রে জানা গেছে, গত মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। বিশেষ করে জাতীয় সম্মেলন ও জাতীয় নির্বাচন সামনে রেখে দলের তৃণমূলকে শক্তিশালী হিসেবে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন তিনি। 

এরই ধারাবাহিকতায় পূর্বঘোষণা অনুযায়ী শোকের মাস আগস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো পুরোদমে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার মধ্য দিয়ে মাঠে নেমে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সম্মেলনের কাজ শুরু হয়েছে দলটিতে। এ ছাড়া সেপ্টেম্বরকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এই মাস থেকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে যুবলীগও। মাঠ দখলে রাখার সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে শাসক দল। 

এদিকে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘ফাঁদ’ হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। দলটির প্রেসিডিয়ামের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতসহ একটি শক্তি নানা ধরনের খেলাধুলা শুরু করেছে। আমাদের কাছে আগে থেকেই খবর ছিল বিএনপি আবারও হত্যা-খুনের রাজনীতি শুরু করবে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ঘটনা ঘটানো হয়েছে। তাই আমরা বিএনপির এসব পাতা ফাঁদ সম্পর্কে সচেতন আছি। 

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের জন্য বিএনপি যে ফাঁদ পাতার চেষ্টা করছে, আওয়ামী লীগ তাতে কখনোই পা দেবে না। আমরা তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন আছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। যারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় লিপ্ত হবে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সমোচিত জবাব দেওয়া হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যদি ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতোই তাদের প্রতিহত করবে।

/এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা