প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২৩:১৭ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৩ ০১:১০ এএম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পতাকা। ছবি সংগৃহীত
মানুষ ও প্রকৃতির মুক্তির লড়াই-সংগ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নীতির প্রশ্নে আপোষহীন থেকেছে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
সোমবার (৬ মার্চ) সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সিপিবি নেতারা বলেছেন, দুইদলীয় রাজনীতি যখন কেনাবেচা, আখের গোছানোর খেলা, সেখানে শ্রমিকশ্রেণিসহ মেহনতি মানুষের নেতৃত্বেই গণসংগ্রাম গড়ে তুলে ক্ষমতায় যাবে সিপিবি।
বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ এন রাশেদা, সাবেক সভাপতি কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল ইসলাম সেলিমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে ছিলেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সিপিবি সবচেয়ে আপোষহীন ও মেহনতি মানুষের স্বার্থে যোগ্য রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই শক্তি ও দৃঢ়তা অর্জন করেছে তার ৭৫ বছরের লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, আজকের আওয়ামী লীগ ও বিএনপির দ্বি-দলীয় লুটপাট ও ক্ষমতাকেন্দ্রিক ভাগ-বাটোয়ার ধারার বিপরীতে সিপিবি আদর্শের ঝান্ডা নিয়ে অন্যান্য বামপন্থীকে নিয়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ লুটপাটের এক মহোৎসব সৃষ্টি করেছে। তথাকথিত কাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষকে একটি কাল্পনিক উন্নত দেশের স্বপ্ন দেখাতে তারা পটু। অন্যদিকে বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তি বিগত দিনের দেওলিয়াপনা আজও ঘুচাতে ব্যর্থ। তাছাড়া জামায়াতসহ সাম্প্রদায়িক দলগুলো বরাবরের মতোই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর স্বপ্নে বিভোর। এ সুযোগে বিরাজনীতিকরণের শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।
তিনি আরও বলেন, এই সার্বিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিবি একটি বিকল্প রাজনৈতিক বলয় গড়তে নীতিনিষ্ঠ জায়গা থেকে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে। এই সংগ্রামে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। নীতিহীন শক্তিকে 'না' ও নীতিনিষ্ঠ শক্তিকে 'হ্যাঁ’ বলতে হবে। তিনি সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, সংখ্যানুপাতিক পদ্ধতি, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, স্থানীয় সরকারের ক্ষমতায়নের দাবি জানান। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল পুরনো পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, গুলিস্তান হয়ে পার্টি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশের আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময়ে জাতীয় সংগীত কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করা হয়। এর আগে গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ৭৫তম প্রতিষ্ঠা দিবসে ঢাকার বিভিন্ন থানাসহ সারাদেশের জেলা সদর ও উপজেলা, থানায় পার্টি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ-র্যালি অনুষ্ঠিত হয়।