প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৭:৫১ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৮:৫০ পিএম
রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে যান। ছবি : ফোকাস বাংলা
মানুষ খেতে না পারলেও হাওরের নানা পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যখন মানুষ খেতে পাচ্ছে না, তখন হাওরে প্রধানমন্ত্রী নানা পদের খাবার দিয়ে উৎসব করছেন। এটা সাধারণ মানুষের সঙ্গে রসিকতা,তামাশা করা হচ্ছে।’
বুধবার (১ মার্চ) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলে তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিঠাপানির হাওরের ২০ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পছন্দ বিবেচনা করে স্থানীয় মিষ্টি খাবারও পরিবেশন করা হয়েছিল।
মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব (এপিএস) এম ইমরুল কায়েস তার ফেসবুক পেজে খাবারের মেনু পোস্ট করেন।
তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের আপ্যায়নে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে কিশোরগঞ্জের বিখ্যাত রাতাবোরো চালের ভাত ও হাওরের বিভিন্ন প্রকার মাছসহ মধ্যাহ্নভোজের মেন্যু।’
সাদা ভাতের সঙ্গে প্রধানমন্ত্রীকে ২০ পদের মাছের তরকারি, ভুনা ও দোপেঁয়েজো পরিবেশন করা হয়। মাছের মধ্যে ছিল রুই, কাতল, চিতল, আইর, পাবদা, গোলসা, ট্যাংরা, কালিবাউশ, শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প, বাছা, রিটা, পাঙাশসহ নানা ধরনের ছোট মাছ। এ ছাড়া ছিল গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনিরসহ নানা মিষ্টান্ন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।’
ক্
ষমতাসীন দল দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে। বিএনপির কয়েক ধাপে আন্দোলনে এই পর্যায়ে পরিণতি থেকে দেশকে রক্ষা করতে চায়। কারণ আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।’
দেশের বিভিন্ন বিভাগে ইউনিয়ন পরিষদে বিএনপির সমর্থনে বিজয়ী সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। এরই অংশ হিসেবে আলোচনা চলছে বরিশাল বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ারি লন্ডন থেকে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।