× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বিদ্যুতের দাম বাড়ায় বিএনপির উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্বল্প সময়ের ব্যবধানে আবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্ত, এবং অযোগ্যতার কারণে জনগণের অর্থনৈতিক অবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। দফায় দফায় বিদ্যুত, জ্বালানী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘১৪ বছরে ১৩ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর গত জানুয়ারি মাসে ১৯ দিনের ব্যবধানে দুবার এবং সর্বশেষ মঙ্গলবার আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে। অবৈধ লুটেরা আওয়ামী সরকার আবারও শতকরা ৫ ভাগ বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরেয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে।’

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকার জনগণের ভালমন্দ বিচার করতে চায় না। সুষ্ঠু নির্বাচন হলে তাদের ব্যাপক পরাজয় হবে। সেজন্য তারা জনগণের ওপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুতসহ প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করছে। সরকারের উন্নয়নবুলির আড়ালে লুটপাটের মহোৎসবের কাহিনী এখন মানুষের মুখে মুখে। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটেরই বহিঃপ্রকাশ। এই মূল্যবৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কলকারখানা ও কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। প্রতিটি পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে এসব পণ্যের দাম আরও বাড়বে। জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা