× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ করলে কলঙ্কের দাগ বয়ে বেড়াতে হবে : রেজা কিবরিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০১ পিএম

গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। প্রবা ফটো

গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। প্রবা ফটো

যারা ছাত্রলীগে থাকবে তাদের সারা জীবন কলঙ্কের দাগ বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, ‘অভিভাবকদেরকে বলব, আপনার ছেলে-মেয়েদের রক্ষা করেন। ছাত্রলীগের ছাপ তাদের গায়ে একবার যদি লাগে, সেই দাগ আর কখনও তুলতে পারবেন না।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পল্টনের গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দুই কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘ছাত্রলীগকে আমরা একদিন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করব। যারা ছাত্রলীগে থাকবে সারা জীবন তাদের একটা কলঙ্ক বয়ে বেড়াতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৮ সালে যা করেছে তারচেয়ে বেশি কিছু শুরু করেছে এ বছর এবং সেটা এখনই শুরু করে দিয়েছে।’

তিনি বলেন, ’বিরোধী দল ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে দমন-পীড়ন করা এই সরকারের পক্ষেই সম্ভব। এই যে হামলা করছে, রড দিয়ে ছাত্রদের ওপর আঘাত করছে, আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের ১৫ জন ছেলে এখনও হাসপাতালে আছে, তাদের হাত-পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ।’

এ সময় গণঅধিকার পরিষদের খুলনা জেলার সদস্য সচিব হামিদুর রহমান রাজিবের বিরুদ্ধে মাদক মামলা ও দলটির বাগেরহাট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের খুলনা জেলার সদস্য সচিব হামিদুর রহমান রাজীবকে তেলিগাতি এলাকা থেকে আটক করে দৌলতপুর থানার নিজ বাড়িতে নিয়ে মাদকদ্রব্য সংরক্ষণের ভিত্তিহীন নাটক সাজিয়ে আটক করা হয়, আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, ’এই মামলায় যাদের সাক্ষী করা হয়েছে, তারা রাজীবের বিরুদ্ধে পুলিশের অভিযোগ সম্পর্কে জানে না। একটি জাতীয় দৈনিকের সংবাদেও সাক্ষীরা সেটা বলেছে। মামলার এজাহারে উল্লিখিত পুলিশের সাক্ষী চা-দোকানি মিজানুর রহমান বলেন, ‘পুলিশ ওকে ধরে এনে বলেছে ওর কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে আপনারা দেখেন, কিন্তু গাঁজা কোথা থেকে উদ্ধার হয়েছে আমি দেখিনি।’ 

একই দিনে বিশেষ আইনে গণঅধিকার পরিষদের বাগেরহাট জেলার সদস্য সচিব নুরুল ইসলামকে মামালার বিষয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার নুরুল ইসলামকে কোনো কারণ না দেখিয়ে স্ত্রী ও সন্তানদের সামনে থেকে থানায় নিয়ে যাওয়া হয়। এদিন সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনে গত ১৩ ডিসেম্বরে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।‘

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুর বলেন, ’এসব মিথ্যা, ভিত্তিহীন হয়রানিমূলক মামলার প্রতিবাদে খুলনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ সেটিও পণ্ড করে দেয়। গণমাধ্যমের সামনেই কর্মীদের সঙ্গে পুলিশ মারমুখী আচরণ করে এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হুমকি দেয়।’

তিনি বলেন, ’একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলসমূহের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নাগরিকদের হয়রানি ও মিথ্যা মামলায় অভিযুক্তকরণ আইনের শাসনপরিপন্থি ও অত্যন্ত উদ্বেগের। অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার নেতাদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, হুমকিসহ সারা দেশে বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন, মামলা-হামলার প্রতিবাদে আগামী বুধবার (১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো ব্যাজ ধারণ ও গণপদযাত্রা কর্মসূচি করা হবে বলে জানায় নুরুল হক নুর। 

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা