প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৪ পিএম
শনিবার দুপুরে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিজেপির সাবেক প্রেসিডিয়াম সদস্য তৈয়েবুর রহমান। প্রবা ফটো
গণতান্ত্রিক সরকারের হাতে দেশে সফলভাবে বিরাজনীতিকরণ চলছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেছেন, সামরিক সরকার ক্ষমতায় এলে রাজনীতিবিদরা বলতেন, বিরাজনীতিকরণের মাধ্যমে রাজনীতি নষ্ট করা হচ্ছে। এখন তথাকথিত গণতান্ত্রিক সরকার বা বেসামরিক সরকারের হাতে বিরাজনীতিকরণ হচ্ছে। দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে।
জাতীয় পার্টিতে বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতাদের যোগদান উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের দাবি, ‘রাজনীতি থেকে জনসাধারণ দূরে সরে গেছে। এখন দেশের শাসনকার্যে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই বললেই চলে। রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। তাই দেশে রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগে যেমন নির্বাচনের আগে ফলাফল অনুমান করা যেত, এখন সেটা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘বিরাজনীতিকরণের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের জিততে হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা বাধা দেবে তারা ধুলিসাৎ হয়ে যাবে।’
শনিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, সমাজসেবক কাজী মো. ফারুক (সেন্টু) ও আবরার শিশির। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাপার চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।