রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১১ পিএম
শনিবার বিকালে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রার আগে ঐতিহাসিক ভূবন মোহন পার্কে এক সমাবেশে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রবা ফটো
বিএনপির গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রার আগে ঐতিহাসিক ভূবন মোহন পার্কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করে টুকু বলেন, ‘বিএনপি যেদিন কর্মসূচি দেয় সেদিন এই ফ্যাসিস্ট সরকারও তাদের শান্তি সমাবেশ ডাকে। জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য তারা এসব কর্মসূচি দিচ্ছে।’
তিনি বলেন, ’শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সমাবেশ অশান্তি মনে করে জনগণ সাড়া দিচ্ছে না। টাকা খরচ করে সমাবেশে এই বিনা ভোটের সরকার লোক আনতে পারছে না। অথচ বিএনপি কোনো অর্থ খরচ না করেই হাজার হাজার লোক নিয়ে কর্মসূচি সফলভাবে পালন করে যাচ্ছে। জনগণ আর এই সরকারকে চায় না।’
বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্যাতন ও আটক করছে। যতই নির্যাতন, আটক, মামলা ও গুলি চলুক বিএনপি নেতাকর্মীরা আর পিছু হটবে না। এই সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবে।’ আগামী ২৫ ফেব্রুয়ারি জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শফিক ও বজলুল হক মন্টু।