প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৭ পিএম
ব্যারিস্টার নাজমুল হুদা। ফাইল ছবি
নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বিএনপির একসময়ের নেতা ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব মো. জাহাংগীর আলমের সইয়ে জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ সরকারি মুদ্রাণালয়ের (বিজি প্রেস) উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় ও আদেশ এবং আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির জন্য ‘সোনালী আঁশ’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং দলটির নিবন্ধন নম্বর-০৪৫।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
বিএনপি গঠনের সময়ই ব্যারিস্টার নাজমুল হুদা দলটিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন।
এরপর খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।
এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন হুদা। তাতে সফল না হওয়ার পর ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন।
হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়
২০১৮ সালের নির্বাচনের আগে ইসির নিবন্ধন পেতে আবেদন করে তৃণমূল বিএনপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করা, সরকার নির্ধারিত ফির চালান জমা না দেওয়া এবং নিবন্ধন দেওয়ার মতো তথ্য না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন প্রত্যাখ্যান করে ইসি।
নিবন্ধন না মেলায় ব্যারিস্টার নাজমুল হুদা আদালতে যান। সেখানে আবেদনের পক্ষে আদেশ পেয়ে নিবন্ধন পেল নাজমুল হুদার দলটি। এখন নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পরই তা ইসির তালিকাভুক্ত হবে।