প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম
ফাইল ফটো।
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপির আন্দোলনের সময় রেলওয়ের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিলে তাদের সমাবেশেও স্পেশাল ট্রেন দেবে বাংলাদেশ রেলওয়ে।
তিনি বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রেলভবনে ট্রেনের টিকিট বিক্রির নিবন্ধন বাধ্যতামূলককরণ ও পজ মেশিন চালুকরণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সমাবেশে স্পেশাল ট্রেন নিয়ে উঠা প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আরেকটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে আমরা দেখেছি তারা আন্দোলনের সময় রেললাইন উঠায়া ফেলছে। তারা রেলে আগুন দিয়েছে। রেলের ক্ষতি করেছে। সেগুলোর দায়িত্ব কে নেবে। সেগুলোর যদি দায়িত্ব নেয় আমাদের কাছে আসুক, চাক আমাদের কাছে হিসাব আছে তারা কত ক্ষতি করেছে। তারা যদি সেটা দিতে পারে ও হেফাজত করতে পারে তাহলে দেওয়া হবে।’
তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে মন্ত্রী বলেন, ‘চাইছি মানে কি তারা তো আমাদের ধারে কাছেই আসে না।’
সম্প্রতি, রাজশাহীতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে যাওয়ার উদ্দেশে দলীয় নেতাকর্মীদের জন্য স্পেশাল ট্রেন দেয় রেলওয়ে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এইখানে শুধু কোনো দলের বিষয় নয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি আপনাদের সাংবাদিক ভাইদেরও দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘স্পেশাল ট্রেন আমরা কোনটা দেই সেটা হলো সপ্তাহ শেষে ছয়দিন চলার পর একদিন বন্ধ থাকে। বন্ধের দিন সেটা আমরা স্পেশাল ট্রেন হিসেবে ব্যবহার করি। পরিপূর্ণভাবে আমরা ভাড়া আদায় করে নিয়েছি।’