প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৪ পিএম
রাজধানীর পুরানা পল্টন মসজিদ চত্বরে পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : সংগৃহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সমাজের সর্বত্র হাহাকার বিরাজ করছে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টন মসজিদ চত্বরে পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ডা. ইরান বলেন, ‘দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত শ্রেণি এখন সর্বশান্ত হয়েছে। সরকার যখন গলা উঁচিয়ে দেশকে মধ্যম আয়ের দেশ বলছে, তখন দেশে ধনী গরিবের শ্রেণিবৈষম্য জ্যামিতিক হারে বাড়ছে। খোলা আকাশের নিচে লাখ লাখ মানুষ বসবাস করছে।’
তিনি বলেন, ‘দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে দুর্ভিক্ষময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাজের সর্বত্র হাহাকার বিরাজ করছে আর সরকার উন্নয়নের ঢেকুর তুলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে মুদ্রাস্ফীতি ও ডলার সংকট বেড়েই চলছে। তাই খাই খাই রাজনীতি পরিহার করে অর্থবহ পরিবর্তনের জন্য দেশপ্রেমের শক্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।’
লেবার পার্টি ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক কে এম ইসলাম, অর্থ সম্পাদক রাসেল সিকদার প্রমুখ।
পরে মিছিলটি পুরানা পল্টন মোড়, তোপখানা রোড, বিজয় নগর, নাইটিংগেল মোড় হয়ে হোটেল একাত্তরের সামনে গিয়ে শেষ হয়।