প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১০ পিএম
প্রধান নির্বাচন কমিশনারের হাতে ২২তম রাষ্ট্রপতির মনোনয়নপ্রত জমা দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রবা ফটো
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাবেক জেলা দায়রা জজ ও সাবেক দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দলের সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করে সাংবাদিকদের এসব কথা জানান।
বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের প্রতিনিধি দল এবং প্রার্থী শাহাবুদ্দিন চুপ্পু রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান।
সেখানে আওয়ামী লীগ প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের হাতে মনোনয়নপত্র জমা দেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, রবিবার ইসি অফিস চলাকালীন সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়। শেষ দিনেই মনোনয়ন নিলো সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দেওয়া প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পুই সেক্ষেত্রে দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন।