সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রবা ফটো
ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার মহাদান ইউনিয়নের সানাকইর বাজার এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই দলের ৯ জন আহত হয়েছে।
আহতরা হলের- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় হাসান লাভলু, ছাত্রলীগ নেতা রনি আহম্মেদ, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক ও যুবলীগ নেতা অন্তর, মহাদান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-যুগ্ম সম্পাদক লিটন মিয়া, শ্রমিক দলের নেতা আশরাফ আলী।
মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন তরফদার তাদের দলের পাঁচজন আহতে হয়েছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে দলীয়ভাবে সিন্ধান্ত নেব।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল বিএনপির পক্ষের চারজনের আহত হয়েছে বলে দাবি করেছেন। মামলা করবেন কিনা সেটি তারা দলীয় সিন্ধান্ত এলে জানাবেন বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মসূচি ছিল। তার অংশ হিসেবে মহাদান ইউনিয়নের সানাকইর বাজারে জড়ো হন বিএনপি নেতাকমীরা। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ছিল। তারাও সানাকইর বাজারে জড়ো হলে একসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা একে অপরকে ধাওয়া দেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহাব্বত কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।