প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৭ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার নিয়মিত চেকআপও করা হয়নি। নিজের শারীরিক চেকআপ করাতে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। এ ছাড়া কারাগারে থাকা অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী রাহাত আরা বেগমের একটি অপারেশন হয়। সেটি সফল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকেও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।’
মির্জা ফখরুলের চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। গেল কয়েক বছর ধরে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।’
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পরদিন পুলিশের গোয়েন্দা সংস্থা উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠান বিচারক। কয়েক দফা জামিন নাকচের পর গত ৯ জানুয়ারি তিনি কারামুক্ত হন।