কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৪ পিএম
খন্দকার আবু আশফাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ নেতাকর্মীরা। প্রবা ফটো
আদালত থেকে জামিনের পর মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশের আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল।
গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।