বগুড়া অফিস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩২ পিএম
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আর সম্ভব না বলে মন্তব্য করেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তিনি বলেন, এই কয়েকটা আসনে যদি সরকার সুষ্ঠু নির্বাচন দিতো তাহলে আমরা বুঝতাম একটা ভালো নির্বাচন হইছে। কিন্তু এখানেও কারচুপি করা হয়েছে। বগুড়া-৪ আসনের উপনির্বাচন সুষ্ঠু ভোট হয়নি। আমাকে হারানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে চারটার দিকে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে সব কেন্দ্রের ফলের কপি নিতে এসে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, প্রতিটা কেন্দ্রের ফল আলাদা করে ঘোষণা করেনি। এজন্য কিছু কেন্দ্রের ফলে সন্দেহ রয়েছে। তাই এ ফল আমি মানি না। নির্বাচন অফিস থেকে আমি প্রতিটা কেন্দ্রের কাগজ নেব। আগামী সাপ্তাহের শুরুতে হাইকোর্টে রিট করব।’
স্বতন্ত্র প্রার্থীর ভোট করতে স্বাক্ষর জমাদানের বিরোধিতা করে তিনি বলেন, ‘বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচন করতে ভোটারদের কোন স্বাক্ষর লাগে না। শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর লাগে। আমি এটার বিরুদ্ধেও হাইকোর্টে যাব।'
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন বিজয়ী হন। মশাল প্রতীক নিয়ে তিনি পান ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে পড়ে ১৯ হাজার ৫৭১ ভোট।গত বুধবার রাত ৮টা ১৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম ওই আসনের মোট ১১২টি কেন্দ্রের ফল ঘোষণা করেন।
এর আগে ওই আসনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে ৩ লাখ ২৮ হাজার ৪৬৯জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ৫৭০ জন ভোট দেন, যা শতকরায় ২৩ দশমিক ৯২ শতাংশ।