প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:৫৫ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৮:১৬ পিএম
নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : প্রবা
তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো ও ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের বিভাগীয় সদরগুলোতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।
বিএনপির মিত্র দলগুলোও আজ ঢাকায় বিভিন্ন স্থানে তাদের পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়েই সরাতে হবে। আন্দোলন শুরু করেছি। এতে জনগণকে সম্পৃক্ত করে সাফল্য আনতে হবে।’
বাকশাল প্রতিষ্ঠার দিন ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ করে দলটি।
ঢাকার সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শেখ রবিউল আলম, তাবিথ আউয়াল, হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
ঢাকার বাইরে মহানগর ও জেলার বিক্ষোভ কর্মসূচির প্রায় ১১টি স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় বরিশালে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীতে, ভাইস চেয়ারম্যানদের মধ্যে বরকত উল্লাহ বুলু গাজীপুরে, মো. শাহজাহান কুমিল্লায়, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সিলেটে, শামসুজ্জামান দুদু ময়মনসিংহে, অ্যাডভোকেট আহমেদ আজম খান রংপুরে, নিতাই রায় চৌধুরী খুলনায় এবং যুগ্ম মহাসচিবদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নারায়ণগঞ্জে ও হাবিব উন নবী খান সোহেল ফরিদপুরে দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।