× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধাক্কা নয়, কাতুকুতু দিলেই পড়ে যাবে সরকার: মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি: প্রবা

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি: প্রবা

অবস্থা এখন এত খারাপ যে ধাক্কা নয়, কাতুকুতু দিলেই সরকার পড়ে যাবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বাকশাল প্রতিষ্ঠার দিনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি দেশের টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক করে ফেলেছে।

তিনি আরও বলেন, ‘সরকারের অবস্থা এখন এত খারাপ যে ধাক্কা নয়, এখন কাতুকুতু দিলেই সরকার পড়ে যাবে। এ সরকার এক মিসকিন সরকার। অন্যের কাছে ভিক্ষা করা ছাড়া এই সরকারের আর কোনো উপায় নেই।’ 

সম্প্রতি বিরোধী দলের নেতারা সরকার পতনের হুমকি দিচ্ছেন। এর জবাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গত ১০ জানুয়ারি এক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিল আর তাতে আওয়ামী লীগ পড়ে গেল, বিষয়টি এত সহজ নয়।’ এমন প্রেক্ষাপটে ওই মন্তব্য করেন মান্না।

তিনি বলেন, ‘আজকে সরকার বলছে, সবাইকে নিয়ে ভোট করবে। কিন্তু শেখ হাসিনা যত দিন আছেন, তার অধীনে কোনো ভোটে যাবো না আমরা। আমি বলছি, ২০২৩ সালে শেখ হাসিনার পতন হবে।’

আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে উল্লেখ করে মান্না বলেন, ‘আজকে তারা বিরোধী দলের সমাবেশের দিনে আমাদের পাহারা দেয়। তারা পাহারা দেয় মূলত নিজেদের, তাদের মনে ভয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসের ভবনের মতো গণভবনেও যদি জনগণ হামলে পড়ে! সে আতঙ্ক থেকে তারা আমাদের সমাবেশে পাহারা দিতে আসে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে ২০১৪ সালে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক মৃত্যু ঘটে। পরে দ্বিতীয়টি ঘটে ২০১৮ সালে। আগামীতে আবারও সেই একই কাজ করে আওয়ামী লীগ তৃতীয় রাজনৈতিক মৃত্যুর জমিন তৈরি করছে।’

বিরোধী দলের সমাবেশের দিন পাল্টা কর্মসূচি দেওয়ায় আওয়ামী লীগের সমালোচনা করে সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, মনে স্বৈরাচারী। বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনের দিনে সহিংসতার উসকানি দিচ্ছে আওয়ামী লীগ।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘শেখ হাসিনা নতুন কায়দায় বাকশাল কায়েম করতে চলেছেন। সাফল্য আগের বাকশালের চাইতেও বেশি। দুনিয়াতে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও দমন-পীড়নের যত উপাদান আছে, তার সবগুলো থেকে উপাদান ও ভাবনা সংগ্রহ করে তিনি এ দেশে তা প্রয়োগ করছেন। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদ ও উন্নয়নের কথা বলছে সরকার। আদতে তারা মনে করছেন, দমন পীড়ন করে এত বছর টিকে গেছি, আবারও টিকে যেতে পারি।’

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের উদ্দেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘জনগণের মধ্যে একটা স্পৃহা এসেছে, ঐক্যবদ্ধ জাগরণ ঘটে গেছে। দ্রুততম সময়ের মধ্যে সরকারের পতন ঘটাতে হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করতে হবে।’ 

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানসহ সাতটি দলের নেতারা বক্তব্য দেন।

শেষে ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের বিভাগে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা