প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১৮:৪৫ পিএম
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ আগস্ট) থেকে বিএনপির তৃণমূলে লাগাতার কর্মসূচি শুরু হবে। এদিন থেকে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।
গত ১১ আগস্ট রাজধানী অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশ থেকে তৃণমূলের এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই কর্মসূচি গৃহিত হয়।
গত ১৬ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি পালনের নানা নির্দেশনা দেন। এতে বলা হয়, ২২ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা, মহানগরের কমপক্ষে একটি উপজেলা, থানায় কর্মসূচি পালিত হবে। প্রতিটি উপজেলা, থানা, পৌর কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন জেলার নেতারা। সেসব কর্মসূচিতে জেলার নেতারা এবং ওই সব জেলার অধিবাসী কেন্দ্রীয় নেতারা ও সাবেক সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন উপজেলা, থানা, পৌর নেতারা। প্রতিদিন কমপক্ষে একটি ইউনিয়ন, ওয়ার্ডে কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে উপজেলা, থানা, পৌর নেতারা উপস্থিত থাকবেন।
দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনায় বলা হয়েছে, ‘অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব স্ব ইউনিটের নেতারা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এ বিষয়ে স্ব স্ব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক সমন্বয় করবেন এবং ইউনিটগুলোকে নির্দেশ দেবেন।
দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা ঘোষিত কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সমন্বয় করবেন। প্রতিটি ইউনিটের কর্মসূচি পালনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতেও চিঠিতে নির্দেশনা দেওয়া হয়। কর্মসূচি সফল এবং আন্দোলন বেগবান করার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানানো হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘তৃণমূলের একর্মসূচি বাস্তবায়নে বিভাগে বিভাগে প্রস্তুতি বৈঠক হয়েছে। এর অংশ হিসেবে আমাদের ঢাকা বিভাগের প্রস্তুতি বৈঠকও হয়েছে।’
তিনি বলেন, ‘আশা করি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এ কর্মসূচি পালন করতে পারব।’
প্রবা/আরএম/