প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৭:৫০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৮:১১ পিএম
সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘আনুপাতিক নির্বাচন ও স্থিতিশীল গণতন্ত্র’ শীর্ষক আলোচনায় সভা। প্রবা ফটো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির পরিবর্তে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনব্যবস্থা প্রচলনের পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনেরা।
সোমবার (১৬ জানুয়ারি)) বিকালে সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আনুপাতিক নির্বাচন ও স্থিতিশীল গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় রাজনীতিবিদ ও গবেষকরা এ কথা বলেন।
তারা বলেন, আনুপাতিক নির্বাচনব্যবস্থার প্রবর্তন হলে গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থা নিয়ে চলমান অচলাবস্থার নিরসন হতে পারে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক উন্নয়ন গবেষণা প্রধান ড. নজরুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, জাতীয় পার্টির সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।
এ ছাড়া এতে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর্জা হাসান টিংকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী এবং সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
ড. নজরুল বলেন, বিদ্যমান নির্বাচনব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে এ হতাশা আরও বাড়তে পারে। যে ধরনের সংসদ সদস্য ও সংসদ দেশবাসী পাচ্ছেন তাতে মানুষ মোটেও সন্তুষ্ট নয়। তাই বাংলাদেশে আনুপাতিক নির্বাচন প্রবর্তনের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আনুপাতিক নির্বাচনের আগ্রহ বাড়ছে। বামপন্থি ও ক্ষুদ্র দলগুলো বহুদিন ধরে আনুপাতিক নির্বাচনব্যবস্থার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি দেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি আনুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থানের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরে চিন্তাশীল নেতারাও আনুপাতিক নির্বাচনের পক্ষে।