× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জবি নীল দলের

জবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু। ছবি সংগৃহীত

গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু। ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সংবিধান পরিবর্তনের ঘোষণাকে ‘ধৃষ্টতাপূর্ণ’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল।

রবিবার (১৫ জানুয়ারি) নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীতে একটি অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে বাইচান্স শব্দটি ব্যবহার করেন এবং সংবিধান পরিবর্তনের ঘোষণা নিয়ে বক্তব্য দেন। মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যেমন বাইচান্স শব্দটির ব্যবহার গ্রহণযোগ্য নয় এবং সংবিধান পরিবর্তন করবেন বলে বিএনপি নেতাদের ঘোষণাও ধৃষ্টতাপূর্ণ এবং অত্যন্ত নিন্দনীয়।

বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে জাতির পিতার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নত দেশের কাতারে এগিয়ে যাচ্ছে তখন এ ধরনের বক্তব্য নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে। বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্য স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাদের (বিএনপির) আঁতাতের বিশ্বাসটি আবারও সুপ্রতিষ্ঠিত করল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাঙালির হাজার বছরের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন অর্জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। প্রায় ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের নিষ্ঠুর আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা, পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ। একাত্তরে এ দেশের জনগণ যা হারিয়েছে তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের নেপথ্যের আত্মত্যাগের তুলনায় বহুলাংশে এগিয়ে আছে। আর আমাদের আরও একটি গর্ব করার মতো বিষয় হচ্ছেবাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর মাত্র নয় মাসের মধ্যে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে একটি পূর্ণাঙ্গ সংবিধান উপহার দিয়েছিলেন। যার চারটি মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মরিপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ। একটি অগ্রসরমান, উন্নয়নশীল এবং সর্বোপরি আধুনিক রাষ্ট্রীয় কাঠামোর জন্য যে উপজীব্য বিষয়গুলো একান্ত প্রয়োজন তার পুরোটাই ছিল ১৯৭২-এর সংবিধানে।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান পরিবর্তনে কাজ করবে বলে ঘোষণা দেন গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে ‘হটিয়ে’ দেশে সুশাসন ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান পরিবর্তনে কাজ করবে। যারা সংবিধান তৈরি করেছেন, তাদের সংবিধান তৈরির কোনো অধিকার ছিল না।’

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘একদলীয় লোকেরা এ সংবিধান তৈরি করেছে। তাই এ সংবিধান পুরোটাই ফেলে দিয়ে নতুন করে তৈরি করুন। যেখানে মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে।’

বিবৃতিতে বিএনপির এ দুই নেতার এ বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা