শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে ও ব্যস্ততম মাওনা চৌরাস্তায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টা ও সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার শিল্পাঞ্চল ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই রাতে উপজেলা প্রশাসন চত্বরের ভেতরে ইউএনওর বাসভবনের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইউএনও নাহিদ ভূঁইয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তদন্ত শুরু করেন।
অন্যদিকে, মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসেতু থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল দুটি বিস্ফোরিত হলে একটি অল্পের জন্য পাশের একটি দোকানে ঢুকে পড়া থেকে রক্ষা পায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কেটটির বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এসময় সড়কে থাকা পথচারী, রিকশা ও অটোরিকশাচালকেরা ভয়ে ছুটোছুটি শুরু করে। আতঙ্কে ওই মার্কেটের ব্যবসায়ী এবং সড়কের পাশে থাকা ছোট দোকানদার তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করেন। মুহূর্তের মধ্যে ব্যস্ততম মাওনা চৌরাস্তা জনশূন্য হয়ে পড়ে। যেখানে ককটেল পড়েছে, তার পাশেই উড়ালসেতুর নিচে হাইওয়ে পুলিশ বক্স রয়েছে।
ঘটনাস্থলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও মোশারফ হোসেন উপস্থিত হন। তবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে খোঁজ নেওয়ার কথা বলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।