× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে।

শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

অধ্যাপক তিতুমীর বলেন, এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ ছাড়াও উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্য সচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে।

তিনি বলেন, হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানিতে যে বিপুল অর্থ ব্যয় হয়, তা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব। তাই নতুন করে জীবাশ্ম জ্বালানির আমদানি না বাড়িয়ে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো জরুরি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প হিসেবে নয়, জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংহতি বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, ইটিআই বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।

সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

তিন দিনের এ আয়োজনে একটি উদ্বোধনী অধিবেশন, ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশন ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে জ্বালানি নীতির সমন্বয়, প্রাতিষ্ঠানিক সংস্কার, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানির ঝুঁকি, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা এবং শ্রমিক, নারী ও আদিবাসীদের অন্তর্ভুক্তি।

সম্মেলনের আলোচনার ভিত্তিতে অংশগ্রহণকারী ও সহ-আয়োজকদের সম্মিলিত অবস্থান ও দাবিগুলো তুলে ধরে সমাপনী দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সম্মেলন উপলক্ষে জাতীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র, গবেষণা প্রতিবেদন ও গবেষণাপত্র প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলনের আয়োজন করা হয়। এরপর ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার চতুর্থ সম্মেলনের আয়োজন করেছে বিডব্লিউজিইডি। এতে সহযোগিতা করছে দেশের জ্বালানি ও জলবায়ুবিষয়ক বিভিন্ন সংগঠন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা