রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠকের পরিবর্তে রাজপথে একসঙ্গে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা সম্ভব।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে এই ঐক্যের আহ্বান, তা আমরা জানি না। তবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঐক্য করতে হলে তা গোলটেবিলে নয়, হতে হবে রাজপথে।”
ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে শান্তি বজায় থাকলে ভারতেও শান্তি থাকবে। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে পাটওয়ারী বলেন, “সীমান্তে আসার যে দুঃসাহস দেখাচ্ছেন, আমরা খুনি হাসিনাকে বলতে চাই, আপনি আসবেন? আপনাকে আমরা ভারতে ঢুকে ধরে এনে ফাঁসিতে ঝোলাব।”
বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, “গত আট মাসে দেখেছি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পিরিত হয়েছিল। এখন সেই পিরিত কোথায় গেল? আমরা আগেই বলেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। করেছেন, এখন গর্তে পড়েছেন।”
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
এর আগে বিকালে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।