× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৬০ মিনিট আগে

আপডেট : ৪৭ মিনিট আগে

সংঘর্ষের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংঘর্ষের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, ‘গুলির শব্দ’ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঘটানার সময় পুড়িয়ে দেওয়া হয় তিনটি মোটরসাইকেল, ভাঙচুর করা হয় আরও ১০টি।

সংঘর্ষের মধ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগও উঠেছে।


দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির পাশে শুক্রবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। চারজনকে ফেনী হাসপাতালে এবং অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।

সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামের যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা।

তাদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোর করে মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। স্থানীয় লোকজনের ভাষ্য, সংঘর্ষে দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্রও প্রদর্শন করা হয়।

আহত ব্যক্তিদের কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামের সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাদের ওপর হামলা হয়।

তাদের দাবি, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। ফাঁকা গুলি ও শতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগও করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তার দাবি, অস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক লোক পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ককটেল বিস্ফোরণের জন্য তিনি ফটিকের অনুসারীদের দায়ী করেন।

জামশেদুর রহমান ফটিকের দাবি, তার অনুসারীরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে বলে দাবি করে তিনি বলেন, “সেখানে হামলার কোনো কারণ ছিল না।”

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের দাবি, তার বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা