বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া হবে না।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। তারা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন আঁতাত রয়েছে।” বিগত ১৭ বছর এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের লোক বিএনপিতে প্রয়োজন নেই বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, “দু-একজনের চাঁদাবাজির কারণে বিএনপির বদনাম হতে পারে না।” কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে তাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এদের দলের জন্য জঞ্জাল, আবর্জনা ও বোঝা আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।