জুলাই সনদ বাস্তবায়ন না করায় প্রধানমন্ত্রী ও সরকারই জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ‘ইস্পাতকঠিন জাতীয় ঐক্য’ গড়ে উঠবে।
চট্টগ্রাম বন্দর শহিদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এর সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের অধিকার ক্ষুণ্ন করছে।”
গণভোটে ৭০ শতাংশ ভোটে বিজয়ী রায় সংসদীয় আসনের ৫০ শতাংশের জোরে প্রত্যাখ্যান করা যায় না উল্লেখ করে তিনি বলেন, “সরকার জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে।” তার মতে, রায় মেনে নিলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলায় দাঁড়াবে।
চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, “সরকারের দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এর সঙ্গে জড়িত। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর তুলে দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জনগণের কাছে ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ হিসেবে আখ্যায়িত হবেন।” দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনারও আহ্বান জানান তিনি।
ভারতের ভূমিকা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, “দিল্লি যদি রিমোট কনট্রোলের মতো করে বাংলাদেশে আধিপত্য চালাতে চায়, বাংলাদেশ কখনও তার ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
শ্রমিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “শিল্প বাঁচলে দেশ বাঁচবে, এটা সত্য। তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। যে শ্রমনীতি শ্রমিকের খাবার ও চিকিৎসার অধিকার দিতে পারে না, তা প্রত্যাখ্যান করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।”
সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম বক্তব্য দেন। সম্মেলনে এস এম লুৎফর রহমান সভাপতি পদে পুনর্নির্বাচিত এবং আবু তালেব চৌধুরী সাধারণ সম্পাদক মনোনীত হন।