৯০-এর গণ-অভ্যুত্থানের শহিদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
ডা. মিলন দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তার সমাধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দলটি।
জাসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল আজিম বনি ও আফজাল হোসেন খান বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরিফউদ্দিন সোহেল এবং সহদপ্তর সম্পাদক ইমন আহমেদ ইমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলটির পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডা. মিলন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।