প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফাইল ছবি
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার সকালে রাজধানীর গুলশানে মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) হাজির হন বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
২০১৮ সালে নড়াইল সদর থানায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান এ মামলাটি করেন। দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় মামলাটি করা হয়।
এনসিপির বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তিগত অপরাধসহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। এসব মামলার কারণে মাহমুদুর রহমানকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে।
বিবৃতিতে অবিলম্বে আওয়ামী লীগ আমলে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নেপথ্যে কারা রয়েছেন, তা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা জাতির সামনে প্রকাশের আহ্বান জানিয়েছে এনসিপি।