গোপালগঞ্জের পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে গেলে প্রাণহানি ও সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনসমক্ষে ও আন্তর্জাতিক মহলে সরকারের দুর্বলতা প্রকাশ পেত।
এমন দুই ধরনের ঝুঁকির মুখে সরকার দোটানায় ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার রাতে খুলনা নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুর এলাকায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগরী জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বৈঠকে মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী বক্তব্য দেন।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ভারত চেয়েছিল বাংলাদেশের সরকার তাদের প্রতি আরও অনুগত থাকুক এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনি সুযোগ তৈরি করুক। এ জন্য শেখ হাসিনার আপিল বিভাগে রিভিউ ও পুনর্বিচারের সুযোগ দেওয়ার বিষয়েও চাপ ছিল।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিচারের মুখোমুখি করার কথা। তবে আওয়ামী লীগ ও ভারত সে পথে তাকে ফেরত দিতে চায় না বলে তাদের ধারণা। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে জামায়াত বা বিরোধী দল নয়, বরং সরকারই নানা দিক থেকে চাপে ছিল।
দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুপ্ত হামলা ও চোরাগোপ্তা সন্ত্রাসের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জামায়াতে ইসলামী রাজপথে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
দেশজুড়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থার অনিয়ম দূর করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও অবকাঠামো উন্নয়নে টেকসই উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের পেশাদার দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের এই নেতা। যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভেদ নয়, জাতীয় স্বার্থ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ইতিবাচক রাজনীতি ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।