ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি সফর সংক্ষিপ্ত করেছেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ফেরার কথা ছিল জামায়াত আমিরের। তবে মালয়েশিয়া সফর স্থগিত করে মঙ্গলবারই দেশে ফিরছেন তিনি। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সফর সংক্ষিপ্ত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, “আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম।”
অস্ট্রেলিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতার কথাও তুলে ধরেন তিনি। প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসা ও অবদানের আগ্রহের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান লেখেন, “বাংলাদেশকে তাঁরা গভীর আন্তরিকতায় ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে তাঁরা স্বপ্ন দেখেন। বাংলাদেশের জন্য তাঁরা অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাঁদের এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা।”
মালয়েশিয়া সফর স্থগিতের কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, “একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি।”
এদিকে এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়টি বিবেচনায় নিয়ে জামায়াত আমিরের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলও তার দেশে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করছে।
সফরে সহযোগিতা ও আন্তরিকতার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, “সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”