প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মিনিট আগে
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আসো খাঁচা আর দড়ি রেডি আছে”।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুই ব্যক্তির কথোপকথনের আদলে পোস্টটি দেন আসিফ মাহমুদ।
পোস্টে শেখ হাসিনার কথার আদলে লেখা হয়, “: ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে।
: বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে”।
এরপর ঢাকার পক্ষ থেকে জবাব হিসেবে লেখা হয়, “আসো খাঁচা আর দড়ি রেডি আছে”।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় আসার আগ্রহের কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।