প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি: ফেসবুক থেকে
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার অপচেষ্টা রুখে দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর পথ খুঁজতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে সাবেক আওয়ামী লীগ নেতাদের বৈঠক নিয়ে ভারতীয় গণমাধ্যমের বরাতে সংবাদ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তার দাবি, একজন পলাতক আসামিকে ফেরানোর বিষয়ে আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠকের সুযোগ দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত নিতে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে”।
তবে ভারত তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, “দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ বা বেআইনি প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা যুদ্ধের উসকানির শামিল হতে পারে। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না; বরং আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে”।
সীমান্তে পুশ-ইন ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পেছনে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। বিশেষ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করার অপচেষ্টা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ ধরনের অপচেষ্টা অতীতের মতো প্রতিহত করতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সতর্ক ও সজাগ থাকার এবং সীমান্ত পাহারায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে- এমন যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী ও সংগ্রামী মানুষ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে”।