বিএনপি করে আওয়ামী লীগের মতো কথা বলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।
রবিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময় কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেন। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। পুলিশ ও সিভিল প্রশাসন এবং বুদ্ধিজীবীরাও তাদের ডাকে সাড়া দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, গোপালগঞ্জে আওয়ামী লীগের সৃষ্ট নৈরাজ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাসহ উপজেলা বিএনপি এবং পাঁচ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।