ছবি: বাসস
বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানকারীরা এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য তথ্য ও ছবি তৈরি করে দেশে অপপ্রচার চালাচ্ছেন। অতীতের মতো ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।
আজ রবিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এই অপচেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুমের যে প্রবণতা একসময় তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি নির্মূল হয়নি।
সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নানা ঘটনার পরও বর্তমান সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অতীতের শাসনামলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার ও রক্তপাতের ঘটনা ঘটত উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে সে সময় ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।
প্রকাশিত গ্রন্থ সম্পর্কে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শাহাদাত বরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে। লেখক অধ্যাপক ড. হীরা সোবাহান পুরোনো পত্রিকার কাটিং, তথ্য ও পরিসংখ্যান সংযুক্ত করে গবেষণাধর্মী কাজটি করেছেন। এ বই নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।