× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়াদ শেষ ডাকসুর

কী ভাবছে ছাত্র সংগঠনগুলো

মাহরিব বিন মহসিন, ঢাবি

প্রকাশ : ১৭ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি: বিবিসি বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি: বিবিসি বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সর্বশেষ মেয়াদ শেষ হয়েছে গত ১৪ সেপ্টেম্বর। পরবর্তী নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে তিন মাসের রুটিন দায়িত্ব পালন করছে এই কমিটি। সে হিসেবে আগামী মাসের মাঝামাঝি সময়ে ডাকসুর দায়িত্বকাল পুরোপুরি শেষ হয়ে যাবে। তবে এর পরবর্তী নির্বাচন সম্পর্কে এখনও কোনো ঘোষণা আসেনি। তাই দ্রুত পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বেশির ভাগ ছাত্র সংগঠন।

অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন কখনোই নিয়মিত ধারায় অনুষ্ঠিত হয়নি। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৮ বার। স্বাধীনতার পর ৫৪ বছরে নির্বাচন হয়েছে মাত্র ৮ বার। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হলেও পরবর্তী সময়ে আবারও তা বন্ধ হয়ে যায়। ৬ বছর পর ২০২৫ সালে ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়। এ ছাড়া ডাকসুর ইতিহাসে তফসিল ঘোষণার পরও নির্বাচন ভেস্তে যাওয়ার একাধিক নজির রয়েছে।

আগামী ডাকসু নির্বাচন নিয়ে গত ২০ আগস্ট প্রথম বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং হলগুলোর পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত হয়। এ জন্য হল প্রাধ্যক্ষদের প্রতিবেদন দিতে এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়।

ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ ও লালন করে। ডাকসু নির্বাচনের ব্যাপারে ছাত্রদল সব সময় ইতিবাচক। নির্বাচন কখন হবে, সেটা প্রশাসন নির্ধারণ করবে। আমরা প্রশাসনের ভূমিকাকে ইতিবাচকভাবেই দেখছি”।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান বলেন, “আমাদের অবস্থান স্পষ্টÑ অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম। এটি সব সময় সক্রিয় থাকতে হবে”।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, “ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসতে শুরু করেছে। আমরা এটিকে ইতিবাচকভাবেই নিচ্ছি। কিন্তু এর ধীরগতির কারণে আশঙ্কা হচ্ছে এটি সময়ক্ষেপণের কোনো প্রক্রিয়া কিনা। আমরা আশা করি, প্রশাসন শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করবে”।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “ডাকসু নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত গঠনতান্ত্রিক সংস্কার করে সুষ্ঠু ডাকসু নির্বাচন আয়োজন প্রয়োজন”।

ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু হয়েছে, সেটাকে অব্যাহত রাখার জন্য ডাকসু নির্বাচন অবশ্যই হতে হবে। আমাদের মেয়াদ শেষ হওয়ার পরপরই আমরা পরবর্তী ডাকসুর তফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছি”।

তবে তিনি আশঙ্কা করছেন, ৯০ পরবর্তী সময়ে যেভাবে ডাকসু নির্বাচন বন্ধ করা হয়েছিল, ঠিক একই কায়দায় আবারও এটি বন্ধ হয়ে যেতে পারে। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “পরবর্তী ডাকসু নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যেই আমরা কার্যক্রম শুরু করেছি। প্রত্যেক হলে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও আমরা আনুষ্ঠানিকভাবে সভা করছি। আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারব”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা