প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি: ফেসবুক থেকে
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাড়িতে অবস্থানরত তার বাবা-মা।
রবিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা তার বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তার বাবা-মা বাড়ির ভেতরেই ছিলেন।
তিনি জানান, হামলাকারীদের উদ্দেশ্য ছিল বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে দিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগ করা। তবে এলাকাবাসীর তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তার বাবা-মা।
ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে সাদিক কায়েম বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দলটি আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে”।
পেট্রোলবোমা নিক্ষেপ ও রাতের আঁধারে হামলার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “এ ধরনের চোরাগোপ্তা হামলা তাদের আন্দোলনকে দমাতে পারবে না; বরং লড়াই আরও দৃঢ় করবে। বাংলাদেশে আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না”।