পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই দিন লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এরপর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে। তবে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগ লাশের রাজনীতি করতে চায়, যাতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের সুযোগ তৈরি করতে পারে। বিএনপি তাদের সেই সুযোগ দেবে না।”
তিনি আরও বলেন, বেড়া থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংঘর্ষের ঘটনায় তার যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তিনি তা নেননি।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার বলেন, “গ্রামবাসীদের পূর্ববিরোধ ও রাজনৈতিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।”