রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসব নাশকতা প্রতিরোধে রাজধানীতে মাঠপর্যায়ে তৎপর রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই যুবদল নেতা। যুবদল সমর্থকদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, ‘মহানগরে এক নয়নেই কুপোকাত নিষিদ্ধ আওয়ামী লীগ!
নয়নের এই তৎপরতা নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। দুজনই পৃথক পোস্টে নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। লেখক ভট্টাচার্য তাকে হুঁশিয়ারিও দিয়েছেন। তাদের এসব পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে রাজধানীর অন্তত ছয়টি এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন নয়ন ও তার অনুসারীরা।
যেসব ঘটনায় আলোচনায় নয়ন
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর রাজধানীর পল্টন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ১৪ নভেম্বর আজিমপুর সরকারি কোয়ার্টারে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
১৬ নভেম্বর রাতে কলাবাগান এলাকা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ভাই মির্জা আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
১৭ নভেম্বর গভীর রাতে লালবাগ এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহত্তর লালবাগ থানার এক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৮ নভেম্বর কাকরাইল এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। একই দিন ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন নয়ন।
সর্বশেষ ১৯ নভেম্বর রাতে নয়াপল্টন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সহসভাপতি মো. আসিফ ইকবাল প্রান্তকে আটক করা হয়। তার কাছ থেকে অকটেন ও মদ উদ্ধারের দাবি করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন রবিউল ইসলাম নয়ন।
এ ছাড়া নয়নের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা আরও প্রায় শতাধিক নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
নয়নের কর্মকাণ্ড নিয়ে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি
ছাত্রলীগের নেতাকর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পোস্টে রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁকে হুঁশিয়ারি দেন তিনি।
লেখক ভট্টাচার্য তার পোস্টে উল্লেখ করেন, রাজনৈতিক পটপরিবর্তন হলে নয়ন ঢাকা ছেড়ে পালানোরও পথ পাবেন না। তার এই পোস্ট নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পেজ ও গ্রুপে শেয়ার হতে দেখা গেছে।
অন্যদিকে, রবিউল ইসলাম নয়নের তৎপরতার ভিডিও ফুটেজ যুক্ত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেখানে নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
জয়ের অভিযোগ, যুবদলের এই নেতা ও তার সহযোগীরা রাস্তায় সাধারণ তরুণদের থামিয়ে জোরপূর্বক মোবাইল ফোন তল্লাশি করছেন। আওয়ামী লীগ সমর্থক সন্দেহে তাদের জনসমক্ষে হেনস্তা করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে ‘মব’ ও আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে তুলনা করে তিনি নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনেন।
আইন নিজের হাতে নেওয়ার অভিযোগ অস্বীকার নয়নের
তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রবিউল ইসলাম নয়ন। প্রকাশিত ভিডিও ও বক্তব্যে তার দাবি, তারা কাউকে মারধর করছেন না কিংবা নিজেরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করছেন মাত্র।
নয়নের ভাষ্য, আটক ব্যক্তিদের অক্ষত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়াই তাদের উদ্দেশ্য।
তবে রাজনৈতিক পরিচয়ের সন্দেহে কাউকে আটক বা তল্লাশির ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া ও নাগরিক অধিকারের প্রশ্নও সামনে এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা।